হেমায়েতপুরে বিক্রয় প্রতিনিধির ওপর হামলা, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের তাৎক্ষণিক হস্তক্ষেপ

সাভার থানার হেমায়েতপুর এলাকার মাওলানা মার্কেটে অবস্থিত হামজা স্টোরে প্রাণ কোম্পানির সেলস অফিসার রবি নিয়মিত পণ্য সরবরাহ করে আসছিলেন। সম্প্রতি সরবরাহকৃত পণ্যের বকেয়া মূল্য আদায় করতে গেলে হামজা স্টোরের মালিক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির তীব্র প্রতিবাদ জানান এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনার সুষ্ঠু সমাধান করেন। আলোচনার একপর্যায়ে হামজা স্টোরের মালিক নিজের ভুল স্বীকার করেন, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস প্রদান করেন।
বিক্রয় প্রতিনিধিদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত সম্মান রক্ষার স্বার্থে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, সাভার থানা শাখা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে যে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হামজা স্টোরে কোনো কোম্পানির বিক্রয় প্রতিনিধি পণ্য সরবরাহ বা বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন না
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট বিশ্বাস করে, দেশের সকল বিক্রয় প্রতিনিধির নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি। সংগঠন ভবিষ্যতেও বিক্রয় প্রতিনিধিদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে।
Previous Post Next Post